নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- রাজ্য সরকারের নির্দেশ মেনে মহাষ্টমীর দিন মদ বিক্রি বন্ধ রাখা এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিশেষ নজরদারি চালাল আবগারি দপ্তর। মদ্যপানজনিত অপ্রীতিকর ঘটনা রুখতে জেলা প্রশাসনের তৎপরতায় গঠন করা হয় বিশেষ কুইক রেসপন্স টিম (QRT)। বিশেষ করে গড় জঙ্গলের শ্যামারূপা দুর্গামন্দিরে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়।
জেলার সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজের উদ্যোগে গঠিত এই বিশেষ দলের নেতৃত্বে ছিলেন দুর্গাপুর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর। দলে ছিলেন তিনজন সাব-ইনস্পেক্টর এবং পাঁচজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। জেলার বিভিন্ন আবগারি সার্কেল অফিসের সঙ্গে সমন্বয় রেখে দিনভর চলে টহলদারি, নজরদারি ও পরিদর্শন।
মহাষ্টমীর বিধিনিষেধ মেনে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলি বন্ধ রয়েছে কি না, তা খতিয়ে দেখেন আবগারি আধিকারিকরা। পাশাপাশি, সরকারি নির্দেশ অমান্য করে মদ বিক্রি এবং প্রকাশ্যে মদ্যপানের ঘটনা রুখতেও বিশেষ নজরদারি চালানো হয়।
গড় জঙ্গলের শ্যামারূপা মন্দিরে বাড়তি নজরদারি মহাষ্টমী উপলক্ষে গড় জঙ্গলের শ্যামারূপা দুর্গামন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। সেই কারণে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় স্থানীয় আবগারি সার্কেলের সঙ্গে সমন্বয় রেখে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। উৎসবের ভিড়ে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং পুণ্যার্থীরা নির্বিঘ্নে পুজো দিতে পারেন, তা নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
আবগারি দপ্তর সূত্রে দাবি, জেলা জুড়ে এই বিশেষ অভিযানে মদ্যপান-সংক্রান্ত কোনও অপ্রীতিকর ঘটনার সন্ধান মেলেনি। দপ্তরের আধিকারিকদের তৎপরতা ও সমন্বিত নজরদারির ফলে মহাষ্টমীর উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উৎসবের দিনগুলিতে জননিরাপত্তা বজায় রাখা, আবগারি আইন কার্যকর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দপ্তরের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।




