নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):-বইপ্রেমীদের জন্য সুখবর! আগামী ১৪ নভেম্বর থেকে পানাগড়ে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ‘পানাগড় বইমেলা ও সাহিত্য উৎসব’। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ছ’দিনের এই বই ও সাহিত্য উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এবারের বইমেলার আকর্ষণীয় থিম সং।
বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ে মেলা কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলার সামগ্রিক প্রস্তুতি, পরিচালন ব্যবস্থা ও নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার মঞ্চ থেকেই প্রকাশ করা হয় চলতি বছরের বইমেলা ও সাহিত্য উৎসবের থিম সং। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আয়োজকরা এবং বইমেলার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাব ময়দানে বসবে এবারের দ্বিতীয় বইমেলার আসর। বইপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে মেলায় ৫৫ থেকে ৬০টি প্রকাশনা সংস্থার স্টল রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা প্রকাশনা সংস্থাগুলি তাদের নতুন ও জনপ্রিয় বইয়ের সম্ভার নিয়ে হাজির হবে মেলা প্রাঙ্গণে। ফলে বইপ্রেমীরা একই ছাদের তলায় বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
তবে এই উৎসব শুধুমাত্র বই কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মেলাকে ঘিরে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি স্কুলপড়ুয়াদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে আয়োজন করা হবে শিক্ষামূলক আলোচনা সভা এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মেলা উদ্যোক্তাদের আশা, বই, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে এবারের পানাগড় বইমেলা ও সাহিত্য উৎসব পানাগড়-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। বইমেলাকে কেন্দ্র করে এলাকার সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এখন থেকেই তৈরি হচ্ছে উৎসাহ ও উদ্দীপনা।

