সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):- শীতের কুয়াশামাখা সকালে ভোর সাড়ে চারটে নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কয়লা বোঝাই একটি ডাম্পার। ঘটনাটি ঘটে ধসল মোড়ের কাছে জাতীয় সড়ক থেকে সামান্য দূরে।
জানা যায়, জামুড়িয়ার একটি লৌহ-ইস্পাত কারখানায় তপসি রেলওয়ে সাইড থেকে কয়লা বোঝাই করে নিয়ে যাচ্ছিল ডাম্পারটি। পথ চলার মাঝেই গাড়ির সামনের চাকার স্প্রিং ভেঙে যায়। তার পরেই শর্ট–সার্কিটের জেরে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ডাম্পারের কেবিনে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক কোনোমতে গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচলেও কয়েক মুহূর্তের মধ্যেই কেবিনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত খবর দেন জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে আইসি লক্ষীকান্ত দাস রানীগঞ্জ দমকল বিভাগকে জানান।
দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। যদিও তার আগেই কেবিন পুড়ে খাক হয়ে যায়। তবে দমকলের তৎপরতায় ডাম্পারের পিছনে থাকা বিশাল পরিমাণ কয়লা আগুন লাগা থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কের দুই প্রান্তে যানবাহনের লম্বা লাইন তৈরি হলেও পরে কেন্দা ফাঁড়ির পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গেছে, ডাম্পারটি আসানসোলের ‘মিস্টার’ নামে এক ব্যক্তির মালিকানাধীন। আগুন লাগার সঠিক কারণ ও বিস্তার নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।



