পানাগড়(খবর7দিন প্লাস):- মোবাইলের পর্দা ছেড়ে বইয়ের পাতায় মন ফেরানোর আহ্বান। বন্দেমাতরম ধ্বনি ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের আবহে শুরু হল পানাগড় বইমেলা ও সাহিত্য উৎসব। পানাগড় বাজার মিত্র সংঘ ক্লাবের মাঠে আয়োজিত এই বইমেলায় এ বছর অংশ নিয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলার মোট ৬৩টি প্রকাশনী সংস্থা। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই বইয়ের উৎসব।
গত বছরের সাফল্যের পর এ বছরও বইমেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক রাজু পাত্র, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, এলাকার বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সংগীতশিল্পী, চিকিৎসক-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
বইমেলার সম্পাদক জয়দেব পাঁজা জানান, বর্তমান সময়ে ছোটদের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ্যেও মোবাইল ফোনের প্রতি আসক্তি ক্রমশ বাড়ছে। নতুন প্রজন্মকে মোবাইলের আকর্ষণ থেকে বইয়ের জগতে ফিরিয়ে আনাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি গ্রামাঞ্চলের বহু মানুষের পক্ষে কলকাতার বড় বইমেলায় যাওয়া সম্ভব হয় না। তাঁদের হাতের কাছেই পছন্দের বই পৌঁছে দিতে কলকাতা-সহ বিভিন্ন জেলার প্রকাশনী সংস্থাগুলিকে এক ছাতার তলায় আনা হয়েছে।
শুধু বই কেনাবেচা নয়, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বইমেলায়। মেলা প্রাঙ্গণে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য অঙ্কন, গান, আবৃত্তি-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।
অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, দুর্গাপুজো ও কালীপুজোর পর পানাগড়ে এত বড় আকারে বইমেলা ও সাহিত্য উৎসবের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এদিন বক্তব্যে পূর্ববর্তী তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলায় রাজনৈতিক বাধা সৃষ্টির অভিযোগও তোলেন বিধায়ক। তাঁর দাবি, অতীতে বিজেপির বুক স্টল করতে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হত। বর্তমানে বিজেপি সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে উৎসব পালন করতে পারছেন এবং বিভিন্ন উৎসবের প্রাঙ্গণে বিজেপির পক্ষ থেকেও বুক স্টল করা সম্ভব হচ্ছে।
বই, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনে পানাগড়ের এই আয়োজন যে আগামী কয়েক দিন বইপ্রেমীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে পানাগড় বইমেলা ও সাহিত্য উৎসব।


