নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
দুর্গাপুজো শেষে বিজয়ার শুভেচ্ছা বিনিময় বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে কাঁকসা থানার উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য বিজয়া সম্মেলন। মঙ্গলবার সন্ধ্যায় পানাগড় বাজারের একটি হোটেলের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি সন্দীপ দাস, কাঁকসার এসিপি এম. ডি. আলি রেজা এবং কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম. ডি. আশরাফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন কাঁকসা থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কাঁকসা ব্লকের কর্মরত সাংবাদিকেরা।
বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা উঠে আসে।
কাঁকসা থানার এই উদ্যোগকে স্বাগত জানান আমন্ত্রিত অতিথিরা। প্রশাসন, রাজনৈতিক মহল, সংবাদমাধ্যম এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আন্তরিক মিলনমেলার রূপ নেয়। সব মিলিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার বার্তা দিয়েই সম্পন্ন হয় কাঁকসা থানার এই বিজয়া সম্মেলন।



