কাঁকসা(খবর7দিন প্লাস):- প্রয়াত হলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি।
পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসার পর বাড়িতে ফিরলেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। গত বৃহস্পতিবার ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুর খবর কাঁকসায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। বিশেষ করে তাঁর বাসস্থান বামুনারা গ্রামে নেমে এসেছে গভীর শোক। রাজনৈতিক ও সামাজিক মহলের বহু মানুষ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি কাঁকসার জনজীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মত স্থানীয়দের।

