উচ্চ মাধ্যমিকের প্রথম দিন কড়া নিরাপত্তা, কাঁকসায় পরীক্ষার্থীদের হাতে গোলাপ ও কলম তুলে দিল ট্রাফিক পুলিশ

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-রাজ্যজুড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য এলাকার মতো কাঁকসা ব্লকের বিভিন্ন বিদ্যালয়েও কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে দিয়ে শুরু হয় এ বছরের পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ছিল পুলিশের বিশেষ তৎপরতা।

প্রতিটি বিদ্যালয়ের প্রবেশপথে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যাতে কেউ কেন্দ্রে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হয়। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের এ বিষয়ে সতর্কও করা হয়।

এদিন কাঁকসা উচ্চ বিদ্যালয়ের সামনে এক ভিন্ন চিত্র দেখা যায়। পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও মনোবল বাড়াতে উদ্যোগী হন কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। প্রত্যেক পরীক্ষার্থীর হাতে একটি করে গোলাপ ফুল ও একটি করে কলম তুলে দিয়ে শুভেচ্ছা ও উৎসাহ জানান তাঁরা।

উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর সন্তোষ ভকত, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম, ট্রাফিক পুলিশ কর্মী অরবিন্দ গোস্বামী, সিভিক ভলেন্টিয়ার এবং কাঁকসা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।

ট্রাফিক ইন্সপেক্টর সন্তোষ ভকত জানান, “অনেক ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা এটি। কেউ কেউ দ্বিতীয়বারের জন্যও পরীক্ষা দিচ্ছে। তাঁদের মনোবল বাড়াতে এবং মানসিকভাবে স্বস্তি দিতে আমরা সামান্য শুভেচ্ছা উপহার তুলে দিয়েছি। যাতে তারা নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে।তিনি আরও জানান, পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। ট্রাফিক বিভাগের আধিকারিকরা সর্বক্ষণ সতর্ক রয়েছেন, কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কড়া নিরাপত্তা ও মানবিক উদ্যোগ দুই মিলিয়ে কাঁকসায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল শৃঙ্খলাবদ্ধ ও উৎসাহব্যঞ্জক।

নবীনতর পূর্বতন