হেলমেটহীন চালকদের হাতে রাখি, মিষ্টি মুখ নজির গড়ল কাঁকসা ট্রাফিক পুলিশ

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা (খবর7দিন প্লাস):-রাখির বন্ধনে শুধু ভাই-বোনের সম্পর্ক নয়, পথ নিরাপত্তার বার্তাও ছড়িয়ে দিল কাঁকসা ট্রাফিক পুলিশ। রাখি বন্ধন উৎসব উপলক্ষে শুক্রবার পানাগড় বাজারের ব্যস্ত চৌমাথা মোড়ে অভিনব সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল কাঁকসা ট্রাফিক গার্ড। উদ্দেশ্য একটাই ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপদে পথ চলার অভ্যাস গড়ে তোলা।

এদিন চৌমাথা মোড়ে যানবাহন চলাচলের উপর নজর রাখছিলেন ট্রাফিক পুলিশের কর্মীরা। হেলমেট পরে নিয়ম মেনে বাইক চালানো আরোহীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর যাঁরা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন, তাঁদের ক্ষেত্রে কেবল আইনভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়ার বদলে বেছে নেওয়া হয় অন্যরকম পন্থা।

হেলমেটহীন বাইক আরোহীদের হাতে রাখি পরিয়ে দেন ট্রাফিক পুলিশের কর্মীরা। পাশাপাশি তাঁদের মিষ্টিমুখ করিয়ে গোলাপ ফুল দিয়ে বোঝানো হয় হেলমেট ব্যবহারের গুরুত্ব। পুলিশের এই মানবিক উদ্যোগে অনেকেই নিজেদের ভুল স্বীকার করেন। ভবিষ্যতে বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন বলেও পুলিশকে প্রতিশ্রুতি দেন বেশ কয়েকজন চালক।

শুধু হেলমেটহীন বাইক আরোহীদের সচেতন করাই নয়, জাতীয় সড়কে টোটোর বিপজ্জনক চলাচল নিয়েও এদিন কড়া নজর ছিল ট্রাফিক পুলিশের। জাতীয় সড়কে টোটো নিয়ে উঠে পড়া চালকদেরও রাখি পরিয়ে জাতীয় সড়কে টোটো না চালানোর জন্য সচেতন করা হয়। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট রাস্তা ও ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয় তাঁদের।

পুলিশের এই অভিনব উদ্যোগে উৎসবের আবহে তৈরি হয় অন্যরকম পরিবেশ। আইনভঙ্গকারীদের শুধুমাত্র শাস্তি না দিয়ে ভালোবাসা ও সচেতনতার বার্তা দিয়ে দায়িত্বশীল করে তোলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পানাগড় বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম-সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিক, কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা। উৎসবের দিনে পুলিশের এই জনসংযোগমূলক কর্মসূচি পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি করেছে।

নবীনতর পূর্বতন