নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
রাজ্যজুড়ে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ। পথ দুর্ঘটনা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ। কোথাও মাইকিং করে পথচলতি মানুষকে সচেতন করা হচ্ছে, আবার কোথাও বিদ্যালয়ে পড়ুয়াদের ট্রাফিক নিয়ম সম্পর্কে অবহিত করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে কাঁকসার বিভিন্ন এলাকার খুদে শিল্পীদের নিয়ে আয়োজিত হয় ‘বসে আঁকো’ অঙ্কন প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রথম বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং দ্বিতীয় বিভাগে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা অংশ নেয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল খুদে শিল্পীকেও উৎসাহমূলক সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘ট্রাফিক নিয়ম ও পথ নিরাপত্তা’। খুদে প্রতিযোগীরা তাদের ক্যানভাসে কোথাও ট্রাফিক সিগন্যাল মেনে চলার গুরুত্ব, কোথাও আবার অসচেতনতার ফলে সম্ভাব্য দুর্ঘটনার চিত্র ফুটিয়ে তোলে। তাদের সৃজনশীল উপস্থাপনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও কাঁকসা ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের বক্তব্য, শিশুদের ছোটবেলা থেকেই ট্রাফিক নিয়ম শেখানো গেলে ভবিষ্যতে তারা আরও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে।


