জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে কাঁকসা ট্রাফিক গার্ডের বিশেষ অভিযান, জরিমানা ও গ্রেফতার একাধিক

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-জাতীয় ও রাজ্য সড়কে ক্রমবর্ধমান যানবাহনের চাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও। সেই পরিস্থিতি মোকাবিলায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে গত দু'দিন ধরে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হচ্ছে।

মলানদীঘি, বসুধা, বামুনারা-সহ কাঁকসার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর শনিবার হাসপাতাল মোড় ও ইলামবাজার আন্ডারপাস এলাকায় তল্লাশি চালায় ট্রাফিক পুলিশ। কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম. ডি. আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে ভারী যানবাহন ও লরির চালকদের ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে মদ্যপানের পরীক্ষা করা হয়।

অভিযান চলাকালীন যেসব চালককে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে দেখা যায়, তাঁদের গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো একাধিক আরোহীকে আটক করে আইন অনুযায়ী জরিমানা করা হয় এবং সচেতনতার বার্তাও দেওয়া হয়।

এ প্রসঙ্গে কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম. ডি. আশরাফুল ইসলাম জানান, পুলিশ কমিশনারেটের নির্দেশেই এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মূল উদ্দেশ্য মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধ করা। তিনি বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। এতে যে কোনও সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। একইভাবে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোও প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কখনও পূর্বাভাস দিয়ে আসে না। তাই প্রত্যেক চালক ও পথচারীর দায়িত্বশীল আচরণ এবং ট্রাফিক আইন মেনে চলাই নিরাপদ সড়ক গড়ার একমাত্র উপায়। এই লক্ষ্যেই কাঁকসার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন