হেলমেটহীন ও বিকট সাইলেন্সারের বিরুদ্ধে কাঁকসা ট্রাফিকের বিশেষ অভিযান পানাগড় বাজারে সচেতনতা বাড়াতে পথে পুলিশ, আপাতত জরিমানা নয়

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- হেলমেট ছাড়া বাইক চালানো এবং বিকট শব্দযুক্ত সাইলেন্সার ব্যবহার এই দুই প্রবণতার বিরুদ্ধে কড়া অবস্থান নিল কাঁকসা ট্রাফিক গার্ড। মঙ্গলবার দুপুরে পানাগড় বাজার ও সংলগ্ন এলাকায় বিশেষ সচেতনতামূলক অভিযানে নামে ট্রাফিক পুলিশ।

কাঁকসা ব্লকের অন্যতম ব্যস্ত এলাকা পানাগড় বাজারে প্রায় নিত্যদিনই ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু ক্ষেত্রেই হেলমেট না থাকার কারণে দুর্ঘটনায় বাইক আরোহীদের মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যুর ঘটনা ঘটছে। সেই কারণেই দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ।

এদিন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম ডি আশরাফুল ইসলামের নেতৃত্বে পুরাতন জাতীয় সড়কের উপর হেলমেট ছাড়া বাইক চালানো আরোহীদের আটকানো হয়। তাঁদের সচেতন করার পাশাপাশি কয়েকজনকে নিকটবর্তী দোকানে নিয়ে গিয়ে হেলমেট কিনতেও সহায়তা করা হয়।

অন্যদিকে, যেসব বাইকে বিকট শব্দযুক্ত পরিবর্তিত সাইলেন্সার লাগানো ছিল, সেগুলিও চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট আরোহীদের সাইলেন্সার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং নির্ধারিত মানের সাইলেন্সার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণে অবৈধভাবে রাস্তার উপর টোটো, বাইক ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধেও সতর্ক করা হয় চালকদের।

ওসি এম ডি আশরাফুল ইসলাম জানান, “মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। হেলমেট পরে এবং নিয়ন্ত্রণে রেখে বাইক চালালে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। বিকট শব্দযুক্ত সাইলেন্সারও আইনবিরুদ্ধ। এদিন কাউকে জরিমানা বা গাড়ি আটক করা হয়নি। তবে ভবিষ্যতে নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

ট্রাফিক পুলিশের এই অভিযানে বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার বার্তা পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

নবীনতর পূর্বতন