সত্যনারায়ণ সিং,রানিগঞ্জ(খবর7দিন প্লাস):-রানিগঞ্জ থানার অন্তর্গত চিনকোটি মোড় ও চুড়িপট্টি এলাকার মাঝামাঝি একটি মোড় সংলগ্ন আবর্জনার স্তূপ থেকে একাধিক ভোটার পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশাসনিক গাফিলতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে কয়েকজন ব্যক্তি নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারে রাখা একটি আবর্জনার স্তূপে তাঁদের নজর পরে। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় বহু ভোটার পরিচয়পত্র। কাছে গিয়ে দেখা যায়, প্রায় ২৪ থেকে ২৫টি ভোটার আইডি কার্ড পরে রয়েছে। এর মধ্যে কিছু নতুন এবং কিছু পুরনো কার্ডও ছিল।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় স্থানীয় মানুষজন। উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে কয়েকটি স্থানীয় বাসিন্দাদের নামেও ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের নাম শনাক্ত করলেও তাঁরা জানিয়েছেন, তাঁদের আসল ভোটার পরিচয়পত্র তাঁদের কাছেই সুরক্ষিত রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যখন মূল কার্ড তাঁদের কাছেই রয়েছে, তখন কূড়েদানে পাওয়া এই কার্ডগুলি কোথা থেকে এল এবং কীভাবেই বা সেখানে পৌঁছাল?
উল্লেখ্য, বর্তমানে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন ও নাম নথিভুক্তিকরণের কাজ চলছে। এরই মধ্যে কূড়েদানে ভোটার পরিচয়পত্র উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই এই ঘটনাকে ভোটারদের নিরাপত্তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন হিসেবে দেখছেন। তাঁদের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা বজায় রাখতে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত প্রয়োজন।
ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সমস্ত ভোটার পরিচয়পত্র নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কীভাবে এবং কারা এই কার্ডগুলি সেখানে ফেলেছে, তার উদ্দেশ্য কী তা এখনও স্পষ্ট নয়।
এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। পুলিশি তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

