পুনরায় প্রার্থী হতে পারেন বিনোদন জগতের যে মানুষেরা

 

  নিউজ ডেক্স,(খবর7দিন প্লাস):-২০২৬ এর ভোট যেন মহাভারতের যুদ্ধ। কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়বে না। বাম ও কংগ্রেস এবার কিছুটা ব্রাত্য। সম্মুখ দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপি। এদের মধ্যে তারকা প্রার্থীর সংখ্যা অবশ্য তৃণমূলের বেশি। প্রথমেই নজর রাখা যাক তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকার দিকে। শোনা যাচ্ছে, এবারও বারাকপুর কেন্দ্র থেকেই টিকিট পেতে পারেন রাজ চক্রবর্তী। ছবি নিয়ে ব্যস্ততা থাকলেও, বিধায়ক হিসাবে দায়িত্ব পালনে কোনও অবহেলা করেননি তিনি। এলাকায় জনসংযোগ রক্ষা থেকে উন্নয়ন কিছুতেই খামতি রাখেন না। শাসক শিবিরের ‘গুড বুকে’ রয়েছেন আরেক তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। একসময়ে অভিনয়ই ছিল তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। তবে ঘাসফুল শিবিরে যোগ এবং বিধায়ক হওয়ার পর থেকে আর তেমন লাইট- ক্যামেরা-অ্যাকশন থেকে বেশ দূরে। আপাতত তিনি পুরোদমে নিজের বিধানসভা এলাকার মানুষদের পরিষেবা দিতেই ব্যস্ত। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র এলাকায় কাজ করেননি তা নয়। তবে ক্ষোভও রয়েছে। এই পরিস্থিতিতে তিনি আদৌ টিকিট পাবেন কিনা, তা পুরোপুরি নিশ্চিত নয়। 

  ভোটের বাংলায় এমনিতেই হাইভোল্টেজ মেদিনীপুর। বর্তমানে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তিনিও নাকি টিকিট পেতে পারেন। তবে শোনা যাচ্ছে, এবার তাঁর কেন্দ্র বদল হতে পারে। এদিকে, শোনা যাচ্ছে, সদ্য মা হওয়া অদিতি মুন্সিও নাকি এবার বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। খুদের দায়িত্ব সামলে তিনি আদৌ ভোটে দাঁড়াতে চাইবেন কিনা, তা এখনও জানা যায়নি। যদি অদিতি প্রার্থী হতে না চান, তবে সম্ভবত তাঁর স্বামী দেবরাজকে দেওয়া হতে পারে টিকিট। তবে হুগলির উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের টিকিট পাওয়ার সম্ভাবনা নাকি অত্যন্ত ক্ষীণ। অনেকেই বলছেন, বিধায়ক হলেও রাজনৈতিক ময়দানে নাকি তেমন দেখা যায় না তাঁকে। পরিবর্তে ব্যক্তিগত জীবন এবং অভিনয় নিয়ে বেশি ব্যস্ত থাকেন কাঞ্চন। 

  পদ্মশিবিরের প্রার্থী কারা হচ্ছেন, তা নিয়েও জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, এবারও অগ্নিমিত্রা পলের উপর ভরসা রাখতে পারে গেরুয়া শিবির। যদিও নিজের বিধানসভা এলাকায় সম্প্রতি ‘গো ব্য়াক’ স্লোগান শুনতে হয়েছে তাঁকে। তবে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকেই তিনি ভোটে লড়ার সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে। রাজ্যসভার প্রার্থী হতে পারেন লকেট চট্টোপাধ্যায়। না হলে বিধানসভা ভোটের নাকি প্রার্থীর দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে প্রাক্তন টলিতারকা। আবার অশোক দিন্দাও নাকি টিকিট পেতে পারেন। দলীয় কর্মসূচি খুব বেশি সক্রিয় না হলেও এবার রুদ্রনীল ঘোষকেও ভোটে দাঁড় করাতে পারে বিজেপি। তবে বিধায়ক হলেও হিরণ চট্টোপাধ্যায়ের টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একে তো তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার অন্ত নেই। আবার তার উপর ‘শাহী’ টনিকে দিলীপ ঘোষের পুনরুত্থানে হিরণের জমি খানিকটা আলগা হয়েছে বলেই মত রাজনৈতিক কারবারিদের। অবশ্য ঘোষণা না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

নবীনতর পূর্বতন