সত্যনারায়ন সিং,রানিগঞ্জ(খবর7দিন প্লাস):-আসন্ন রামনবমী উপলক্ষে বের হতে চলা শোভাযাত্রাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। সেই লক্ষ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি উচ্চপদস্থ দল রানিগঞ্জের বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিস্তৃত পরিদর্শন চালিয়ে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেছে।
পরিদর্শনকালে পুলিশ আধিকারিকরা রানিগঞ্জের বড়বাজার, সিআর রোড, ইতওয়ারি মোড়, মারোয়ারি পট্টি, হাটিয়া রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং ভিড় সামলানোর প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রশাসনের কাজে সহযোগিতার আবেদন জানানো হয়।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ড. প্রণব কুমার, ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি (সেন্ট্রাল-২) বিমান কুমার মির্ধা, রানিগঞ্জ থানার ওসি অমিত সিনহা মহাপাত্র সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ নজমুল হুদা, নিমচা ফাঁড়ির ইনচার্জ সুলতানা নাসরিন, বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ পার্থ প্রতিম চক্রবর্তী এবং রানিগঞ্জ ট্রাফিক ইনচার্জ সতীনাথ শীল উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রার দিন সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রয়োজন অনুযায়ী যান চলাচলে পরিবর্তন আনা হবে এবং ড্রোন ক্যামেরার সাহায্যেও গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হবে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশাসনের আবেদন, গুজবে কান না দিয়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে রামনবমীর উৎসব উদযাপন করুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন।

