রামনবমী ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

 

 নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- সারা দেশজুড়ে শুরু হয়েছে রামনবমী ও অন্নপূর্ণা পূজা। এবছর রামনবমী একটা অন্যরকম মাত্রা পেয়েছে। আর তা পেয়েছে বিজেপির সৌজন্যে। পিছিয়ে নেই তৃণমূলও। এবার সামনে আসলো মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। রামনবমী উপলক্ষে এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অন্নপূর্ণা পুজো উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি লেখেন, রামনবমীর এই শুভ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রামনমবী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যাতে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই কামনা করেছেন তিনি। সকলের কাছে তিনি শান্তি, সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। পাশাপাশি সর্বাঙ্গীণ উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আর্জিও জানান মমতা। অন্নপূর্ণা পুজো উপলক্ষে মমতা এক্স হ্যান্ডলে লেখেন, “তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা, অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ। সকলকে জানাই অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভনন্দন।” রামনবমী উপলক্ষে তিনি লেখেন, “রামনবমীর শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রামনবমী উদযাপন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক— এই কামনা করি। আমি সকলের কাছে শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আবেদন জানাচ্ছি।”

  বৃহস্পতিবার রামনবমী (Ram Navami) উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোথাও শোভাযাত্রা, কোথাও কলসযাত্রা আবার কোথাও রামের পুজো করা হচ্ছে। এই আবহে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। পুলিশ শোভাযাত্রায় বাধা দেওয়ায় আধিকারিকদের সঙ্গে চরম বচসায় জড়ান আয়োজকরা। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নবীনতর পূর্বতন