নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- গত ৯ মার্চ ২০২৬ থেকে শুরু হয়েছে পানাগড়ের ঐতিহ্যবাহী দানবাবার মেলা। আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। প্রতি বছরই এই মেলাকে কেন্দ্র করে পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমান এবং দানবাবার মাজারে চাদর চাপাতে আসেন।
মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জনসমাগম হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে ই-রিকশা বা টোটোর ব্যবহারও বেড়ে যায়। ফলে অনেক সময়ই মেলা প্রাঙ্গণ ও আশপাশের রাস্তায় যানজটের সমস্যা দেখা দেয়।
এই সমস্যার সমাধানে এ বছর ব্লক ই-রিকশা অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশেষ ক্যাম্পের উদ্বোধন করা হয়। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক পিনাকি ব্যানার্জি এবং অশোক মুখার্জির হাত ধরে এই ক্যাম্পের উদ্বোধন হয়।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পের মাধ্যমে মেলা চলাকালীন সমস্ত ই-রিকশা বা টোটো চালকদের নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে। পাশাপাশি যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং যাতে কোনোভাবেই যানজটের সৃষ্টি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে মেলায় আগত দর্শনার্থীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং যানজটের সমস্যাও অনেকটাই কমবে।


