সত্যনারায়ণ সিং,রানিগঞ্জ,(খবর7দিন প্লাস):- আগামী ২৭ মার্চ রামনবমী উপলক্ষে রানিগঞ্জে বেরোবে ঐতিহ্যবাহী শোভাযাত্রা। সেই শোভাযাত্রা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এই উপলক্ষে শনিবার রানিগঞ্জ থানার উদ্যোগে থানাপ্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে রানিগঞ্জ এলাকার প্রায় ৩৫টি রামনবমী কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার নিরাপত্তা, রুট, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল–২ বিমান কুমার মির্ধা, এসিপি ট্রাফিক জয়ন্ত বাগ, রানিগঞ্জ থানার আইসি অমিত সিনহা মহাপাত্র, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ওসি নজমুল হুদা, নিমচা ফাঁড়ির ওসি সুলতানা নাসরিন, বল্লভপুর ফাঁড়ির ওসি পার্থ প্রতিম চক্রবর্তী, রানিগঞ্জ ট্রাফিক ওসি সতীনাথ শীল, রানিগঞ্জ বোরো চেয়ারম্যান মুজাম্মিল শাহজাদা, রানিগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত সিং, কাউন্সিলর নেহা সাও-সহ বিদ্যুৎ ও দমকল দপ্তরের আধিকারিক, রানিগঞ্জ থানার নাগরিক কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বৈঠকে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস ও এসিপি বিমান কুমার মির্ধা জানান, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। শোভাযাত্রার দিন প্রায় ৪০০-র বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবে। পাশাপাশি বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশবাহিনী, মোবাইল পেট্রোলিং এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত থাকবে।
প্রশাসনের তরফে জানানো হয়, শোভাযাত্রার সময় ডিজে বাজানো এবং কোনও ধরনের অস্ত্রশস্ত্র প্রদর্শনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। সব রামনবমী কমিটিকে প্রশাসনের জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও শোভাযাত্রার নির্ধারিত রুট, সময়সীমা এবং শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা না হয়। ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দমকল ও বিদ্যুৎ দপ্তরকেও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও প্রযুক্তিগত ত্রুটি বা দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। নিরাপত্তা আরও জোরদার করতে এবারের শোভাযাত্রা ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় রাখা হবে। পাশাপাশি পুলিশের বিশেষ টিম টহলদারি চালাবে, যাতে কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।
বৈঠকের শেষে রামনবমী কমিটিগুলির প্রতিনিধিরা প্রশাসনকে আশ্বস্ত করেন যে, তারা সমস্ত নিয়ম ও নির্দেশিকা মেনে চলবেন এবং শোভাযাত্রাকে শান্তিপূর্ণ ও সফল করে তুলতে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন।


