নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):-
পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই শনিবার বিকেলে পানাগড়ের পুরাতন কাঁকসা রোডে গলসি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু পাত্রর সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
মঞ্চ থেকে জোর গলায় রেখা গুপ্তা দাবি করেন, বাংলায় এবার বিজেপিই ক্ষমতায় আসছে। তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদেরও মাসে ৩ হাজার টাকা করে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি।
গলসির প্রার্থী রাজু পাত্রকে তিনি “বুলডোজার বাবা” বলে উল্লেখ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ও শক্তির প্রতীক তিনি। রাজ্যে গত ১৫ বছর ধরে “অপশাসন” চলছে বলেও অভিযোগ করেন রেখা গুপ্তা। তার দাবি, তৃণমূলের শাসনে বাংলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং মহিলারা নিরাপদ নন।
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্র সরকারের পাঠানো অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নের জন্য ২ লক্ষ কোটি টাকা পাঠালেও তার সঠিক ব্যবহার হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি সপ্তম পে কমিশন চালু না করার জন্য রাজ্য সরকারকে আক্রমণ করেন এবং বিজেপি ক্ষমতায় এলে তা চালু করার আশ্বাস দেন।
দিল্লির উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। একইভাবে বাংলাতেও বিজেপি সরকার গঠিত হলে মহিলাদের জন্য বাস পরিষেবা বিনামূল্যে করা হবে বলে জানান তিনি।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেখা গুপ্তা বলেন, “মাছ-ভাত বাংলার সংস্কৃতি, তা অটুট থাকবে। বিজেপি ক্ষমতায় এলেও এই সংস্কৃতিতে কোনও হস্তক্ষেপ করা হবে না।” তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে, সভামঞ্চ থেকেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দেন প্রার্থী রাজু পাত্র। তার অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের ভয় দেখানো ও হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনা সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি বলেন, সময়মতো এর জবাব দেওয়া হবে।



