শুভেন্দু লায়েক,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- মঙ্গলবার জাতীয় অগ্নিনির্বাপক দিবস উপলক্ষে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে CISF ইউনিটের ফায়ার উইং-এর উদ্যোগে এক গম্ভীর ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৪৪ সালের ১৪ এপ্রিল বোম্বে ডকইয়ার্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাহসী অগ্নিনির্বাপক কর্মীদের স্মরণে প্রতিবছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই শহিদ অগ্নিনির্বাপক কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের প্রধান বিজয়া নন্দ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন CISF কমান্ড্যান্ট হরিশ সিং নায়াল, ডেপুটি কমান্ড্যান্ট রমেশ কুমারসহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে প্রাণ উৎসর্গকারী বীর কর্মীদের প্রতি জানানো হয় আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
এই অনুষ্ঠানের মধ্য দিয়েই ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পালিতব্য ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা হয়। CISF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহজুড়ে অগ্নি নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মক ড্রিল, প্রবন্ধ রচনা, কুইজ প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতা এবং গৃহস্থালির অগ্নি নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ।
এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করবেন আধিকারিক, কর্মচারী, শ্রমিক, তাঁদের পরিবারবর্গ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ। CISF কমান্ড্যান্ট হরিশ সিং নায়াল জানান, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।
এছাড়াও অনুষ্ঠানে ফায়ার উইং-এর ডেপুটি কমান্ড্যান্ট রমেশ কুমার গত এক বছরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও CISF-এর একাধিক আধিকারিকের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যমণ্ডিত করে ।



