নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
পানাগড় বাজারের গুরুদুয়ারে ধর্মীয় আবহে ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো খালসা পন্থের ৩২৭তম প্রতিষ্ঠা দিবস। গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, সমাজসেবামূলক কর্মসূচি ও লঙ্গরের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল থেকেই গুরুদুয়ারে শুরু হয় গুরু গ্রন্থ সাহিব পাঠ ও কীর্তন। দিনটির তাৎপর্য তুলে ধরে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গুরুদুয়ারা কমিটির সদস্যরা। ১৬৯৯ সালে শিখদের দশম গুরু, গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রতিষ্ঠা করেন এই দিনটি শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই বিশেষ দিন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবার এই উদ্যোগ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল।
প্রবন্ধক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশাখ মাসকে স্বাগত জানানো এবং খালসা পন্থের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত দুদিন ধরে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিখ ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও উপস্থিত ছিলেন, যা সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তোলে।
এদিন সকলের জন্য খোলা ছিল লঙ্গরের ব্যবস্থা, যেখানে ভক্তরা একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন। মঙ্গলবারের মধ্য দিয়েই এই দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, এই দিনটি তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতি বছরই মহা সমারোহে তা উদযাপন করা হয়।





