জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বীরভূমের রাজনৈতিক পরিবেশ। মঙ্গলবার ইলামবাজারে বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর যৌথ জনসভা সেই উত্তেজনাকে আরও উসকে দিল। সভায় উপস্থিত হয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ শানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।
সম্প্রতি আলিমুদ্দিনে সিপিআইএম নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাম-আইএসএফ জোটের রূপরেখা চূড়ান্ত হয়েছে। তারই প্রেক্ষিতে বোলপুর কেন্দ্রের আইএসএফ প্রার্থী বাপি সরেনের সমর্থনে আয়োজিত এই জনসভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।
সভামঞ্চ থেকে নওশাদ ‘এসআইআর’ (SIR) প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “রাজ্য সরকার আড়াইশো কোটি টাকা খরচ করেও বাস্তবে কোনো উন্নয়ন ঘটাতে পারেনি। তৃণমূল কেবল রাজনৈতিক স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবা থেকেও বীরভূমের মানুষ বঞ্চিত।
এদিনের সভায় বাপি সরেন ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ির সিপিআইএম প্রার্থী মতিউর রহমান, নানুরের প্রার্থী শ্যামলী প্রধান এবং লাভপুরের মনসা হাঁসদা। জোট প্রার্থীদের জয়ের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নওশাদ বলেন, “তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বাম-আইএসএফ জোটই একমাত্র বিকল্প।”
প্রখর গরম উপেক্ষা করে কয়েক ঘণ্টা অপেক্ষার পর নওশাদের ভাষণ শুনতে মানুষের ভিড় এবং উৎসাহ চোখে পড়ার মতো ছিল। রাজনৈতিক মহলের মতে, এই জনসভা বীরভূমের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।



