কাঁকসা থানায় 'ফিরে পাওয়া' কর্মসূচি, প্রকৃত মালিকদের হাতে ফিরল ৩০টি মোবাইল; পাশাপাশি রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা,(খবর7দিন প্লাস):-
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বুধবার কাঁকসা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো 'ফিরে পাওয়া' কর্মসূচি। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় কাঁকসা থানার পুলিশ। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকরা। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিশ। প্রযুক্তির সাহায্যে বিভিন্ন এলাকা থেকে মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। পরে সেগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করে বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি রাসপ্রিত সিং, কাঁকসার এসিপি আলি রেজা, কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন তাঁরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ জানানো উচিত। তাতে মোবাইল উদ্ধারের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়।

এদিন একই সঙ্গে কাঁকসা থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং এলাকার সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের মতে, সমাজসেবামূলক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন