নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- NEET পরীক্ষার প্রশ্নফাঁসের পর পরীক্ষা নিয়ে এবার আরও কড়া ব্যবস্থার পথে কেন্দ্র৷ পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর ব্যবস্থা নিতে সোমবার, ২৭ জুলাই লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬ (Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026) পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। লোকসভার আইন প্রণয়ন সংক্রান্ত কার্যসূচি অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই বিলটি উত্থাপন করবেন। এতে Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এর একাধিক সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। কার্যসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, বিলটি উপস্থাপনের পর সেটি নিয়ে আলোচনা এবং পাস করানোর প্রস্তাবও তিনি আনবেন।
NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন শুরু হয়৷ বিক্ষোভ, আন্দোলন থেকে অনশন৷ এই কঠিন পরিস্থিতিতে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন প্রণয়নের দাবি জোরালো হয় বিভিন্ন মহল থেকে। এদিকে,গত শনিবার এই বিল আনার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্র৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগেই ককরোচ জনতা পার্টি (CJP) শনিবার যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে তাদের মূল দাবিগুলি বিবেচনার আশ্বাস দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। CJP প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে একটি পাঁচ দফা সনদ লিখিত আকারে সরকারের হাতে তুলে দিয়েছেন।

