২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কাঁকসায় কংগ্রেসের সভা, বিজেপি ও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের দাবি ৫০ জনের

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কাঁকসা ব্লক কংগ্রেসের উদ্যোগে রবিবার পানাগড় বাজারে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের একাধিক সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব।

সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, মহিলা নেত্রী মেঘনা মান্না, গোপা মুখার্জি, শেহনাজ, কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, জেলা সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, কার্যকরী সভাপতি মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলি, ধর্মেন্দ্র শর্মা, ফিরোজ শেখ, সুলতানা বিবি, শঙ্কর সৌ, শেখ বাবুল, সফিকুল রহমান-সহ অন্যান্য নেতৃত্ব।

কংগ্রেসের দাবি, এদিন আমলাজোড়া অঞ্চল থেকে বিজেপির দুই সমর্থক এবং কাঁকসা অঞ্চলের প্রায় ৫০ জন তৃণমূল সমর্থক জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নিয়ে দলে যোগ দেন।

জেলা কংগ্রেসের দাবি, লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক ব্যক্তি কংগ্রেসে যোগ দিচ্ছেন। সাম্প্রতিক এই যোগদানের ফলে কাঁকসা ব্লকে সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলে তাদের দাবি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, বিজেপি থেকে আসা সমর্থকরা উপলব্ধি করেছেন যে সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেসই বিকল্প শক্তি। পাশাপাশি তিনি দাবি করেন, দীর্ঘ ১৫ বছর ধরে কংগ্রেসের ২১ জুলাই শহীদ দিবসকে তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মসূচি হিসেবে পালন করেছে। তবে এ বছর কংগ্রেস নিজস্ব উদ্যোগে রাজ্যজুড়ে বৃহৎ আকারে শহীদ দিবস পালন করবে এবং সেই কর্মসূচিতে সারা রাজ্য থেকে মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।


নবীনতর পূর্বতন