সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁর ‘জন সংকল্প পত্র’ প্রকাশ করলেন।
প্রকাশিত সংকল্প পত্রে কৃষ্ণেন্দু মুখার্জি “আসানসোল উত্তরের সমগ্র ও সুষম উন্নয়ন”-কেই প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন। তিনি জানান, এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলির স্থায়ী সমাধানের জন্য সুস্পষ্ট ও সময়বদ্ধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংকল্প পত্রে পানীয় জলের সংকট নিরসন, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার জোরদার করা এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এলাকার অন্যতম বড় সমস্যা ট্র্যাফিক জ্যাম নিয়েও বিশেষ পরিকল্পনা তুলে ধরেন তিনি। আদালত রোড রেলগেট ও বুধা জল ট্যাঙ্ক মোড়ের মতো গুরুত্বপূর্ণ যানজটপূর্ণ এলাকায় স্থায়ী সমাধানের আশ্বাস দেন। এছাড়া জেলা হাসপাতাল ও হাটন রোড সংলগ্ন এলাকায় রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনা চালুর কথাও জানান।
টোটো ও অটোচালকদের সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং স্ট্যান্ডগুলিকে বৈধ স্বীকৃতি দেওয়া হবে। এতে একদিকে যেমন যান চলাচল স্বাভাবিক হবে, অন্যদিকে চালকদের জীবিকাও সুরক্ষিত হবে।
যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং কর্মমুখী প্রকল্প চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সংকল্প পত্রে। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, “আসানসোল উত্তরের মানুষ পরিবর্তন চাইছেন এবং উন্নয়নই হবে এবারের নির্বাচনের মূল ইস্যু।”
তিনি ভোটারদের কাছে বিজেপিকে সমর্থনের আহ্বান জানিয়ে আশ্বাস দেন, মৌলিক পরিকাঠামো উন্নয়নে কোনও খামতি রাখা হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, মদন চৌবে, দুর্গেশ নাগী, প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে ও সুদীপ চৌধুরী সহ একাধিক নেতা-কর্মী। বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
রাজনৈতিক মহলের মতে, ট্র্যাফিক সমস্যা ও কর্মসংস্থানের মতো স্থানীয় ইস্যুকে সামনে রেখে তৈরি এই ‘জন সংকল্প পত্র’ নির্বাচনে বিজেপির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন দেখার, ভোটাররা এই উন্নয়নমুখী প্রতিশ্রুতিকে কতটা সমর্থন দেন।


