নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- নির্বাচনের আগে এবার ইস্যু 'রেশন দুর্নীতি'! আর তা নিয়েই শুক্রবার সকাল থেকে ১৫ জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি শুরু করেছে ইডি। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চলছে। কলকাতার পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পোদ্দার কোর্টে একটি সংস্থার অফিস রয়েছে। মূলত ফুড প্রোডাক্টের সংস্থা। একই ঠিকানায় প্রায় চার থেকে পাঁচটি অফিস রয়েছে। সেখানে তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। নজরে ১২ জনের বেশি রফতানিকারক। মূলত তাঁদের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দায়ের হওয়া একটি দুর্নীতি মামলার তদন্তে নেমেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ওই মামলায় বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন একাধিক প্রভাবশালীও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার ভোজাডাঙা সীমান্ত থেকে গম পাচারের চেষ্টা করা হচ্ছিল। প্রায় ১৭৫টির বেশি ট্রাক করে গম পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই ট্রাকগুলিতে প্রায় ৫১০০টন গম ছিল বলে খবর। যার অঙ্ক ছিল ১৬ কোটি টাকা। শুল্ক দফতর সেই পাচার আটকায়। অভিযোগ, সরকার থেকে আটা মিল গুলিকে রেশনের আটা তৈরির জন্য যে গম পাঠানো হত, সেই গমের বস্তা চুরি করে পাচার হত বাংলাদেশে। তারই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, এর আগেও বাংলাদেশে গম পাচার করা হয়েছে। সেই দুর্নীতির টাকা কোথায় গেল, তারই তল্লাশিতে আজ ১৫ জায়গায় অভিযান ইডির। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছে, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। প্রচারসভায় গিয়ে মমতার অভিযোগ,”বাংলার ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে। বিজেপির চোর-ডাকাতদের ধরে না এজেন্সি। বাংলাকে টার্গেট করা হচ্ছে। হিম্মত থাকলে গণতান্ত্রিক লড়াই হোক।”

