নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- তৃণমূলের একটা বড়ো প্রচার ছিল বিজেপি বহিরাগতদের দল। এমন কি একথাও বলতে শোনা গেছে যে বিজেপি যদি জেতে তাহলে বাইরে থেকে মুখ্যমন্ত্রী আনবে। শুক্রবার সংকল্পযাত্রা নিয়ে আলোচনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তা স্পষ্ট করে দিলেন। বিজেপির সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাভাষী ব্যক্তি, বাংলার নাগরিকই বাংলার মুখ্যমন্ত্রী হবেন”। বাংলায় বিজেপি নির্বাচন লড়ছে একাধিক নেতৃত্বকে সামনে রেখে। যার মধ্য রয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তো রয়েছেনই, সেই সঙ্গে একাধিক কেন্দ্রীয় নেতাকেও বিজেপি বাংলায় আনছে নির্বাচনের প্রচারে। তাই বিজেপি জিতলে কে বাংলার মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। অমিত শাহ বলেন, “আমরা কোনও বংশ পরম্পরার পার্টি নই, বাংলার অধিবাসী কেউ বাংলার মুখ্যমন্ত্রী হবে, এটা নিশ্চিত”।
মহিলা এবং বেকার যুবকদের জন্য বিপুল টাকার ঘোষণা করেছে বিজেপি। সংকল্প পত্র প্রকাশ অনুষ্ঠানে মধ্য এবং নিম্নবিত্ত মহিলাদের জন্য এবং বেকার যুবকদের জন্য মাসে বিপুল টাকার ঘোষণা। ৩০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করল বিজেপি। বর্তমানে মহিলারা ১৫০০ টাকা করে মাসে পান লক্ষ্মীর ভান্ডারে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে সেই টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেন অমিত শাহ। বাংলায় আগে লক্ষ্মীর ভান্ডার চালু হলেও পরে বিজেপি পরে বিভিন্ন রাজ্যে মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প চালু করে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার টাকার অঙ্ক অনেকটাই বাড়িয়ে দেওয়ার ঘোষণা করে ১৫০০ করেছে। বিজেপি ক্ষমতায় এলে তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিল। এর সঙ্গেই অন্তঃসত্তা মহিলাদের এককালীন ২১,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।

