পানাগড়ে ডিফেন্স কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে কাঁকসা থানার পুলিশ

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
পানাগড় বাজার সংলগ্ন রেলপাড়ার ডিফেন্স কলোনি এলাকায় এক ডিফেন্স কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসে রবিবার সকালে।

জানা গেছে, ডিফেন্স কর্মী হীরালাল রাম মেয়ের বিয়ের জন্য পরিবার-সহ বিহারে নিজ বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন আগে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়ির গেটের তালা ভাঙা ও সদর দরজা খোলা অবস্থায় দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা ভেতরে ঢুকে দেখেন, ঘরের দুটি আলমারির তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এরপরই কাঁকসা থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থলে যান কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌতম বাউরীও জানান, 

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ডিফেন্স কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলির সুরাহা হয়নি। আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কোনও সন্দেহজনক ছবি ধরা পড়েনি বলে জানা গেছে। ফলে বাসিন্দাদের অনুমান, চুরির ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

বাড়ির মালিক বাইরে থাকায় ঠিক কী কী সামগ্রী চুরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে আগের ঘটনাগুলির মতো এবারও চুরির কিনারা হবে কি না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।



নবীনতর পূর্বতন