কাঁকসার মুচিপাড়ায় ৬৫০ বেডের বেসরকারি হাসপাতালের ভূমিপূজো, উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
কাঁকসার মুচিপাড়ায় একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ভূমিপূজো অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।হাসপাতাল প্রকল্পের উদ্যোক্তা সংস্থা ‘কল্পনা ইন’-এর কর্ণধার হিরন্ময় দাস জানান

প্রস্তাবিত হাসপাতালটি মোট সাড়ে ৬০০ বেডের হবে। প্রথম পর্যায়ে ২০০ বেডের হাসপাতাল নির্মাণের কাজ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বাকি অংশের কাজ সম্পন্ন করা হবে। শিল্পাঞ্চল দুর্গাপুর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে এবং প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিষেবার অভাব রয়েছে। এর ফলে বেসরকারি হাসপাতালগুলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

এছাড়াও তিনি আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত বিষয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, নির্বাচনের পর বিজেপির একাধিক কর্মী খুন ও নির্যাতনের শিকার হয়েছেন এবং এ সংক্রান্ত তদন্তে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজ্য পুলিশের সহযোগিতা মিলছে না। নির্বাচন প্রক্রিয়া নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ তোলেন তিনি। ভোটার তালিকায় অসঙ্গতি, নথি জালিয়াতি এবং নির্বাচন সংক্রান্ত ফর্ম বাজেয়াপ্ত করার মতো ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।

রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অব্যবস্থার অভিযোগও তোলেন বিজেপি রাজ্য সভাপতি।

এদিনের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন হাসপাতাল নির্মিত হলে এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

নবীনতর পূর্বতন