বেহাল রাস্তার বলি ইঁট বোঝাই ট্রাক্টরের চালক, গুরুতর আহত খালাসি

নিজস্ব সংবাদদাতা,বুদবুদ(খবর7দিন প্লাস):-বেহাল রাস্তার জেরে ফের প্রাণহানির ঘটনা ঘটল বুদবুদে। ইঁটবোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত্যু হল চালকের। গুরুতর আহত হন ট্রাক্টরের খালাসি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বুদবুদের গোপালপুর থেকে একটি ট্রাক্টরে করে ইঁট বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন চালক ও খালাসি। দেবশালা গ্রাম পঞ্চায়েত এলাকার শোলাগড়ের কাছে রাস্তার বেহাল অবস্থা ও বড় বড় গর্তের কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়নজুলিতে উল্টে যায়।দুর্ঘটনার জেরে ইঁটের তলায় চাপা পড়ে যান চালক। ঘটনাস্থলের পাশেই মাঠে কাজ করছিলেন এলাকার আদিবাসী কৃষকেরা। তাঁরাই দ্রুত ছুটে এসে প্রথমে গুরুতর আহত খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত খালাসির চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শোলাগড় এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী।

পুলিশ ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

নবীনতর পূর্বতন