মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া-(খবর7দিন প্লাস):-ঘরের ছেলে হারিয়ে শোকে স্তব্ধ সিমলাপাল। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর সিআরপিএফ জওয়ান রাজু লোহারের। মঙ্গলবার মনিপুরের ইম্ফলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে রাজু লোহার সিআরপিএফ-এ যোগ দেন। বর্তমানে তিনি মনিপুরে ১৬৯ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার সন্ধ্যায় জাতীয় পতাকায় মোড়া কফিনবন্দি দেহ সিমলাপাল বাজারের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও এলাকাবাসী। স্থানীয়দের কথায়, রাজু ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত ও সকলের প্রিয় মুখ। তাঁর অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।
এদিন অসংখ্য মানুষ কাতারে কাতারে এসে প্রিয় জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। পরে জাতীয় পতাকায় মোড়া দেহ নিয়ে সিমলাপাল বাজার এলাকায় শোক মিছিল করা হয়। এরপর দেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় শিলাবতী নদীর ঘাটে। সেখানে উপস্থিত সহকর্মী জওয়ানরা গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।
দেশরক্ষায় নিয়োজিত এক সাহসী সন্তানের অকাল প্রয়াণে আজ শোকস্তব্ধ সিমলাপাল।



