জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলাতেও আজ সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে নির্ধারিত সময়ে সিউড়ি, বোলপুর ও রামপুরহাট—এই তিন মহকুমার সমস্ত পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।
এ বছর গোটা রাজ্যে মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। তার মধ্যে বীরভূম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৬,৯৮০ জন। জেলা সূত্রে জানা গেছে, এ বছরেও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ২৪,৭৩৯ জন এবং ছাত্র ২২,২৪১ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ২,৪৯৮ জন বেশি মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে।
পরীক্ষা কেন্দ্রের বিন্যাস অনুযায়ী বীরভূম জেলায় মোট ১৩১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৬টি মেইন ভেন্যু ও ৯৫টি সাব-ভেন্যু রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে রামপুরহাট মহকুমা শীর্ষে রয়েছে।
নকল রুখতে ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি ও কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ কিংবা ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভাঙলে পরীক্ষা বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ।
সকাল থেকেই সিউড়ির বেণীমাধব স্কুল, রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন, দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, ইলামবাজার, ঘুড়িষা শ্রীপুর হাই স্কুল ও পায়ের হাই স্কুল-সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় চোখে পড়ে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে।

