মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ও পেন, পাশে দাঁড়াল কাঁকসা ট্রাফিক গার্ড। বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে উঠল প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই মানবিক ও উৎসাহব্যঞ্জক উদ্যোগে নজর কাড়ল কাঁকসা ট্রাফিক গার্ড ও কাঁকসা থানার পুলিশ। সোমবার সকালে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও পেন তুলে দিয়ে শুভেচ্ছা জানান কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম ডি আশরাফুল ইসলাম, কাঁকসা থানার পুলিশ আধিকারিক ও ট্রাফিক পুলিশের কর্মীরা।

জানা গিয়েছে, এ বছর পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে মোট তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের মানসিক চাপ কিছুটা হলেও কমাতে পুলিশের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়।

কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম ডি আশরাফুল ইসলাম জানান, “মাধ্যমিক হল ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই তাদের সাহস ও আত্মবিশ্বাস বাড়াতে আমরা সামান্য এই শুভেচ্ছা জানিয়েছি। পাশাপাশি পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, যানজটপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কাঁকসা থানার পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

তবে এদিন বিদ্যালয় চত্বরে এসে বিদ্যালয়ের ব্যবস্থাপনা নিয়ে কিছু প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, বিদ্যালয়ের সামনে কোনও নেমবোর্ড নেই, যার ফলে অভিভাবকদের সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান।

পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে আসা অভিভাবকরাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের বক্তব্য, সন্তানের জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ায় তাঁরা স্বাভাবিকভাবেই চিন্তিত ছিলেন, তবে প্রশাসনের এই সহযোগিতায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কুলদীপ সিং সমস্ত অভিযোগ স্বীকার করে জানান, খুব দ্রুত বৈঠক করে বিদ্যালয়ের গেটের সামনে নেমবোর্ড লাগানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করা হবে। পাশাপাশি পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা না হয়, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি।


নবীনতর পূর্বতন