নিজস্ব সংবাদদাতা, কাঁকসা (খবর7দিন প্লাস):-গত এক মাস ধরে চলা পথ নিরাপত্তা কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হলো শনিবার। কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় এক সচেতনতা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির পরিসমাপ্তি ঘটে। টোল প্লাজার পাশে আয়োজিত এই অনুষ্ঠানে টোল কর্মী, পথ চলতি বাইক আরোহী ও গাড়ি চালকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর প্রমোদ কুমার মাহাতো, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম ডি আশরাফুল ইসলাম, মুচিপাড়া ট্রাফিক গার্ডের ওসি সহ টোল প্লাজার আধিকারিকরা। এছাড়াও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কর্মসূচিতে বিশেষ মাত্রা যোগ করে।
জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর প্রমোদ কুমার মাহাতো জানান, গত এক মাস ধরে বিভিন্ন জায়গায় পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কোথাও পড়ুয়াদের রাস্তায় চলাচলের নিয়ম, কোথাও নিরাপদে রাস্তা পারাপারের পদ্ধতি শেখানো হয়েছে। একইসঙ্গে পথ চলতি সাধারণ মানুষ ও গাড়ি চালকদেরও ট্রাফিক নিয়ম ও পথ নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়, যাতে প্রত্যেকে সচেতনভাবে রাস্তায় চলাচল করেন। এদিন বিদ্যালয়ের পড়ুয়ারাও সাধারণ মানুষের সামনে পথ নিরাপত্তার করণীয় বিষয়গুলি তুলে ধরে।
কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম ডি আশরাফুল ইসলাম বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন এবং পথ নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিকগুলি সকলের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে মানুষ সচেতন হলেই দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব। দুর্ঘটনা রোধে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীরা নিজেরা সচেতন হয়ে অন্যদের সচেতন করছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। তাই পথ নিরাপত্তা কর্মসূচিতে বিদ্যালয়ের পড়ুয়াদের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে।
এক মাসব্যাপী এই সচেতনতা অভিযানের সফল সমাপ্তির মধ্য দিয়ে কাঁকসায় পথ নিরাপত্তা নিয়ে নতুন করে বার্তা পৌঁছে দিল প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ।



