পিনাকি ব্যানার্জীর মানবিক উদ্যোগে পানাগড়ে পথ দুর্ঘটনায় আহত টোটো চালকের প্রশাসনের সহায়তা ও ট্রাক্টর মালিকের চিকিৎসা ব্যয়ের আশ্বাস

নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):-
গত ২৬ জানুয়ারি পানাগড় চৌমাথা মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন টোটো চালক পঙ্কজ পান্ডে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হন তিনি।

দুর্ঘটনার পর প্রথমে তাঁকে দার্জিলিং মোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত টোটো চালক।

এই ঘটনাকে কেন্দ্র করে পানাগড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথ অবরোধ, পুলিশি লাঠিচার্জ এবং রাজনৈতিক চাপান উতোরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গোটা এলাকা। তবে অভিযোগ ওঠে, এত কিছু ঘটার পরও দীর্ঘ সময় ধরে চলা আহত টোটো চালকের চিকিৎসা ও তাঁর পরিবারের পাশে তেমনভাবে কেউ দাঁড়াননি।

এমন পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ে এগিয়ে আসেন টোটো ইউনিয়নের নেতা তথা পশ্চিম বর্ধমান জেলার শাসকদলের সম্পাদক পিনাকী ব্যানার্জি। তিনি আহত পঙ্কজ পান্ডের পরিবারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সংক্রান্ত সহায়তা করেন। প্রশাসনের সহযোগিতায় এবং অভিযুক্ত ট্রাক্টর মালিকের আশ্বাসে চিকিৎসা খরচের একটি অংশ সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও ভবিষ্যতে আহত টোটো চালক ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পিনাকী ব্যানার্জি। পিনাকি ব্যানার্জীর উদ্যোগে প্রশাসনের তৎপরতা এবং ট্রাক্টর মালিকের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পঙ্কজ পান্ডের পরিবার।

নবীনতর পূর্বতন