বাংলার ব-দ্বীপে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতা ও সংলগ্ন জেলা

 

নিজস্ব সংবাদদাতা(খবর7দিন প্লাস):- বাংলার ব-দ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কলকাতা ও সংলগ্ন একাধিক জেলা। জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মাত্র প্রায় ১১.২ কিলোমিটার দূরে, বাংলাদেশের অভ্যন্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।

দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয় কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বিশেষ করে বহুতল আবাসন ও দপ্তরগুলিতে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয় বলে বাসিন্দারা জানান। আতঙ্কে বহু মানুষ ঘর ও অফিস থেকে রাস্তায় নেমে আসেন। নবান্ন থেকেও কর্মী ও আধিকারিকদের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

মোবাইল ফোনে সতর্কবার্তা (এসএমএস) মারফত অনেকেই ভূমিকম্পের খবর পান। প্রাথমিকভাবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর না মিললেও প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। সাম্প্রতিক সময়ে এমন তীব্র কম্পন অনুভূত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।

প্রশাসনের তরফে সকলকে শান্ত থাকার এবং প্রয়োজন ছাড়া গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

নবীনতর পূর্বতন