সত্যনারায়ন সিং,রানিগঞ্জ(খবর7দিন প্লাস):-রানিগঞ্জের রানিসায়র মোড় সংলগ্ন টিবি হাসপাতালের কাছে সোমবার চলন্ত অবস্থায় একটি সরকারি বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি জাতীয় সড়ক ১৯ ধরে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। রানিসায়র মোড়ের কাছে পৌঁছতেই বাস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা দেয়। পরিস্থিতি বুঝে বাসচালক দ্রুত বাস থামান। চালক ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনা সম্ভব হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার অধীন পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ, রানিগঞ্জ ট্রাফিক পুলিশ এবং দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।
স্বস্তির বিষয়, বাসে থাকা সমস্ত যাত্রী নিরাপদে বেরিয়ে আসেন এবং কোনও হতাহতের খবর নেই। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

