আসন্ন ঈদকে ঘিরে কাঁকসা থানায় প্রশাসনিক বৈঠক, শান্তিপূর্ণ উৎসব পালনে জোর

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে সোমবার সকালে কাঁকসা থানায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের বিডিও সৌরভ গুপ্ত, এসিপি কাঁকসা এম ডি আলী রেজা, পানাগড় আরপিএফের ওসি, সিআরপিএফের এক আধিকারিক, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য নব কুমার সামন্ত, দেবদাস বক্সী ও কুলদীপ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি ও উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ, কাঁকসা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ তথা দানবাবা সেবা কমিটির সদস্য পিরু খান, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ চন্দ্র মণ্ডল। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায়, রাজেশ কোনার, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এম ডি আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা।

কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত জানান, প্রতিবছরের মতো এ বছরও কাঁকসা এলাকায় ধুমধাম করে ঈদ উৎসব পালিত হবে। সেই উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিভিন্ন এলাকার ইমাম ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আলোচনা করা হয়েছে। কোথায় কোথায় প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন এবং কীভাবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হবে, সেই বিষয়গুলিও বিস্তারিতভাবে আলোচিত হয়।

দানবাবা সেবা কমিটির সদস্য পিরু খান বলেন, প্রতি বছরের মতো এবছরও কাঁকসায় ধুমধাম করে ঈদ উদযাপন করা হবে। উৎসব চলাকালীন এলাকায় যাতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

নবীনতর পূর্বতন