মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-বাঁকুড়া জেলার ছাতনা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হতেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া সত্যনারায়ণ মুখার্জিকে পুনরায় প্রার্থী করা হয়েছে। এই ঘোষণার পরই মঙ্গলবার ছাতনার দুবরাজপুর মোড়ে দলের একাংশের কর্মী-সমর্থকরা বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারীদের অভিযোগ,গত পাঁচ বছরে বিধায়ককে এলাকায় খুব কমই দেখা গিয়েছে এবং সাধারণ মানুষের সমস্যার সময় তিনি পাশে থাকেননি। তাই তারা স্থানীয় কোনও “ভূমিপুত্র”কে প্রার্থী করার দাবি তুলেছেন। প্রার্থী ঘোষণার আগের দিন থেকেই এলাকায় বর্তমান প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায়, যা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত বহন করে।
এদিন বিক্ষোভস্থলে বিজেপির পতাকা হাতে কর্মীরা স্লোগান তোলেন“যে বিধায়ককে পাঁচ বছর দেখা যায়নি, তাকে আর প্রার্থী হিসেবে চাই না।” তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিকেই প্রার্থী করা হোক।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতা বঙ্কিম মিশ্রের অভিযোগ,ছাতনায় বিজেপি একাধিক গোষ্ঠীতে বিভক্ত এবং সেই গোষ্ঠীকোন্দলই এখন প্রকাশ্যে এসেছে।
সব মিলিয়ে, প্রার্থী ঘোষণার পরই ছাতনা বিধানসভায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

