সত্যনারায়ণ সিং,রানীগঞ্জ(খবর7দিন প্লাস):- রানিগঞ্জের ক্রীড়াজগতে নেমে এল গভীর শোকের ছায়া। রবিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল শহরের বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক মিহির বাগের। দিঘা থেকে পরিবারের সঙ্গে ফেরার পথে বাঁকুড়া জেলার কাছে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্ত্রী, কন্যা ও শাশুড়ি।
জানা গিয়েছে, মিহির বাগ তাঁর ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিঘায় একটি সামার ক্যাম্পের আয়োজন করেছিলেন। ছাত্র-ছাত্রীরা বাসে করে ফিরছিলেন। অন্যদিকে, মিহির বাগ স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে রানিগঞ্জ ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার কাছে হঠাৎ গাড়ির চালকের ঘুম পেয়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিহির বাগের। বাকি তিনজনের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রানিগঞ্জে কিয়োকুশিন কায়কান ক্যারাটে প্রশিক্ষণের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মিহির বাগ। দীর্ঘদিন ধরে তিনি অসংখ্য ছাত্র-ছাত্রীকে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আত্মরক্ষা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার পাঠ দিয়েছেন। তাঁর প্রশিক্ষণে বহু শিক্ষার্থী রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছেন। এমনকি তাঁর বহু ছাত্র বর্তমানে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে স্বনির্ভর হয়েছেন।
তাঁর আকস্মিক প্রয়াণে ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকলেই তাঁকে একজন নিষ্ঠাবান, সৎ ও অনুপ্রেরণাদায়ী প্রশিক্ষক হিসেবে স্মরণ করছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রানিগঞ্জজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।


