গভীর রাতের অভিযানে রানীগঞ্জ থানার বড় সাফল্য চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ কুইন্টাল ৬৭ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকায়

 

সত্যনারায়ণ সিং,রানীগঞ্জ(খবর7দিন প্লাস):-গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে রানীগঞ্জ থানার অন্তর্গত এনএসবি রোড এলাকায় একটি সন্দেহজনক চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কুইন্টাল ৬৭ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গাঁজাগুলি ১৪টি বস্তায় ভরা ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গভীর রাতে এনএসবি রোড এলাকায় একটি চারচাকা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশের। এরপর গাড়িটিতে তল্লাশি চালানো হলে ভিতর থেকে ছোট ছোট প্যাকেটে মোড়া বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পরে পুলিশ সমস্ত গাঁজা বাজেয়াপ্ত করে এবং গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, গাড়িটিতে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো থাকলেও গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে ওড়িশার একটি ভুয়ো নম্বর প্লেট। ফলে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।

অভিযানের সময় গাড়ির চালক ও তার এক সঙ্গী অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা অন্য রাজ্য থেকে এনে রানীগঞ্জ হয়ে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। পুরো ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার বিশেষ দল।

এদিকে সাম্প্রতিক সময়ে রানীগঞ্জ ও আশপাশ এলাকায় মাদক পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের এই অভিযানে পাচারচক্রের বিরুদ্ধে বড় বার্তা গেল বলে মনে করছেন অনেকেই।

নবীনতর পূর্বতন