রাজ্যে ক্ষমতা বদলাতেই বেআইনি কারবারে পুলিশের কড়া অভিযান, চাপে বালি-কয়লা মাফিয়ারা, গ্রেফতার বিবেক সহ ৩

সত্যনারায়ণ সিং,রানিগঞ্জ(খবর7দিন প্লাস):- বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই অবৈধ বালু ও কয়লা কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার দামোদর নদীঘাটে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিবেক চক্রবর্তী সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতের সিজেএম কোর্টে তোলা হলে আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ডামরা এলাকায় একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজ চালিয়ে আসছিল। অভিযোগ, এই চক্রে বিবেক চক্রবর্তী, পাপ্পু মাঝি, দোলু, সন্তোষ রাভানি এবং এক থানার গাড়িচালক গোলুর নাম জড়িয়েছে।

এদিকে, আসানসোল দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা পাল দায়িত্ব নেওয়ার পরই দামোদর নদীর বেহাল অবস্থার প্রশ্ন তুলে সরব হন। তাঁর অভিযোগ, অবৈধ বালু খনন ও দুর্নীতির জেরে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়েছে, এলাকায় পানীয় জলের সংকট বেড়েছে, পাশাপাশি কৃষকরাও সেচের জলের সমস্যায় পড়েছেন।

স্থানীয়দের দাবি, ডামরা নদীঘাট সংলগ্ন এলাকায় আগে বিশাল বিশাল বালুর স্তূপ দেখা যেত, এখন নদীর বুকেই মাটি ভেসে উঠছে। এতে নদীর জল ধারণ ক্ষমতা দ্রুত কমে যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, দামোদর নদী থেকে ছোট নালার মাধ্যমে যেভাবে মাঠে জল পৌঁছত, এখন তা ব্যাহত হচ্ছে। এর ফলে চাষাবাদে বড় সমস্যা তৈরি হয়েছে।

এছাড়াও অভিযোগ উঠেছে, অবৈধ বালু তোলার সুবিধার জন্য নদীর মূল স্রোতও ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রাও বিপর্যস্ত হয়েছে।

রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এলাকাবাসীর আশা, এবার অবৈধ বালু ও কয়লা কারবারের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নবীনতর পূর্বতন