উচ্চমাধ্যমিকে বীরভূমের জোড়া সাফল্য রাজ্যে তৃতীয় শুভায়ন, অষ্টম পুষ্পিতা মেধাতালিকায় উজ্জ্বল জেলার মুখ

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে জোড়া সাফল্যে গর্বিত বীরভূম জেলা। জেলার দুই কৃতী ছাত্রছাত্রী রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিয়ে জেলার শিক্ষাঙ্গনে আনন্দের আবহ তৈরি করেছেন। সিউড়ির শুভায়ন মণ্ডল রাজ্যে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে, অন্যদিকে ইলামবাজারের পুষ্পিতা বাঁশরী পেয়েছে অষ্টম স্থান।

সিউড়ির শুভায়ন মণ্ডল, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র। সে এবারের উচ্চমাধ্যমিকে ৪৯৪ নম্বর পেয়ে ৯৮.৮ শতাংশ নম্বর অর্জন করেছে। রাজ্যে যৌথভাবে পাঁচজন পরীক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করেছে, তাঁদের মধ্যে শুভায়ন অন্যতম। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সে। নিজের এই সাফল্যের কৃতিত্ব বাবা-মা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরই দিয়েছেন শুভায়ন।

অন্যদিকে, ইলামবাজার ব্লকের কামারপাড়া গ্রামের মেয়ে পুষ্পিতা বাঁশরী ৪৮৯ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। ইলামবাজার ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুলের এই কৃতী ছাত্রীর সাফল্যে খুশির জোয়ার নেমেছে পরিবার, স্কুল ও গোটা এলাকায়। ছোট গ্রাম থেকে উঠে এসে রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নেওয়ায় পুষ্পিতা এখন জেলার গর্ব।

একই দিনে জেলার দুই ছাত্রছাত্রীর এই নজরকাড়া সাফল্যে শিক্ষামহলে খুশির আবহ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছচ্ছে তাঁদের কাছে। বীরভূমের এই জোড়া সাফল্য আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

নবীনতর পূর্বতন