মায়ের বকুনিতে বাড়ি ছাড়ল রনি, চার দিনেও মেলেনি খোঁজ শান্তিনিকেতনে উদ্বেগে পরিবার, তদন্তে পুলিশ

 

জয়ন্ত মন্ডল,শান্তিনিকেতন(খবর7দিন প্লাস):-সামান্য বকাঝকার অভিমানে বাড়ি ছেড়ে চলে গেছে অষ্টম শ্রেণির এক ছাত্র। চার দিন কেটে গেলেও তার কোনও সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবারের। ঘটনাটি শান্তিনিকেতন থানার অন্তর্গত উত্তর নারায়ণপুরের হেলিপ্যাড সংলগ্ন এলাকার।

নিখোঁজ ছাত্রের নাম রনি অঙ্কুর মণ্ডল। সে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার পড়াশোনায় অনীহার কারণে মা বন্দনা মণ্ডল তাকে বকাঝকা করেন। এরপর থেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় রনি। তারপর থেকে আর তার কোনও খোঁজ মেলেনি।

পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত দুর্বল। পরিচারিকার কাজ করে সংসার চালান বন্দনা মণ্ডল। প্রথম পক্ষের দুই ছেলে সুমন ও রনিকে নিয়ে তাঁর সংসার। অন্যদিকে, দ্বিতীয় পক্ষের স্বামী সুমন্ত মণ্ডল দীর্ঘদিন অসুস্থ থাকায় বর্তমানে কর্মহীন। এমন পরিস্থিতিতে ছোট ছেলের নিখোঁজ হয়ে যাওয়া পরিবারকে মানসিক ও আর্থিক—দুই দিক থেকেই চরম সংকটে ফেলেছে।

আত্মীয়স্বজনের বাড়ি, রেলস্টেশন ও সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়েও রনির কোনও সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, এর আগেও একবার অভিমানে বাড়ি ছেড়ে ব্যান্ডেলে চলে গিয়েছিল রনি। তবে সেই সময় তাকে উদ্ধার করে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল।

ছেলের চিন্তায় ভেঙে পড়েছেন মা বন্দনা মণ্ডল। তাঁর কথায়, “রনির পড়াশোনায় খুব একটা মন ছিল না। সে কাজ করতে চেয়েছিল। কিন্তু এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে, ভাবিনি।”

অবশেষে মঙ্গলবার শান্তিনিকেতন থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে।

এখন পরিবারের একটাই প্রার্থনা সুস্থ ও নিরাপদে যেন দ্রুত বাড়ি ফিরে আসে রনি।

নবীনতর পূর্বতন