নিজস্ব সংবাদদাতা, কাঁকসা(খবর7দিন প্লাস):- সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হওয়া এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচি ঘিরে উৎসাহ দেখা গেল পানাগড়ে। বৃহস্পতিবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত এই বিশেষ টিকাকরণ শিবিরে কয়েকশো কিশোরী অংশগ্রহণ করে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণই সার্ভিক্যাল ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, নির্দিষ্ট বয়সে HPV টিকা গ্রহণ করলে ভবিষ্যতে সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে ১৪ বছর বা তার ঊর্ধ্বে কিশোরীদের জন্য এই টিকাকরণ কর্মসূচি চালু করা হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে আসা কিশোরীদের ভিড় লক্ষ্য করা যায়।
টিকা গ্রহণের পর অধিকাংশ কিশোরীই জানায়, তাদের কোনও শারীরিক অসুবিধা বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হয়নি। সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান করায় তারা সন্তোষ প্রকাশ করে।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অল্প বয়সেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্বাস্থ্যকর্মীদের আশা, আগামী দিনে আরও বেশি সংখ্যক কিশোরী এই কর্মসূচির আওতায় এসে উপকৃত হবে এবং সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।



