জয়ন্ত মন্ডল বীরভূম(খবর7দিন প্লাস):- আজ রামপুরহাট কলেজ প্রাঙ্গণে বসেছে SIR ট্রাইবুনাল কোর্ট। সকাল হতেই গোটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নথি জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। একমাত্র এই ক্যাম্প হওয়ায় রামপুরহাট শহর কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
কলেজ চত্বর ও আশপাশের এলাকায় তীব্র ভিড়ের কারণে রাস্তাঘাটে ব্যাপক যানজট সৃষ্টি হয়। যেখানে সাধারণত ৫ মিনিটে যাওয়া যায়, সেখানে সময় লাগছে ৪০ থেকে ৪৫ মিনিট। এর ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, এমনকি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীরাও।
প্রখর রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেকেই নথি জমা না দিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
নাটক এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, তার মা ও স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সমস্ত প্রয়োজনীয় নথি আগেই জমা দেওয়া সত্ত্বেও কেন নাম বাদ গেল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অসুস্থ মাকে নিয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হয়েছে বলে জানান নুরুল। তিনি বলেন, “আমরা আরটিআই করে জানতে চাইব কেন নাম বাদ দেওয়া হয়েছে। আমরা কি বাইরে থেকে এসেছি?”
জাজিগ্রামের নাজিমা খাতুন সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, “এই প্রচণ্ড রোদের মধ্যে এভাবে দাঁড়াতে হচ্ছে। আমরা এখানকারই বাসিন্দা, তবুও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে এর বিচার চাই।”
এদিকে, রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জহরুল ইসলাম জানান, পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জল সরবরাহ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। একাধিক মানুষের অভিযোগ, পূর্বে নথি জমা দেওয়া সত্ত্বেও আবার নতুন করে জমা দিতে হচ্ছে, যা অযৌক্তিক হয়রানি।
পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।



