নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- এলাকার সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে একাধিক প্রকল্পের সূচনা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। শনিবার পানাগড় বাজার হিন্দি হাই স্কুল প্রাঙ্গণ থেকে চারটি উন্নয়নমূলক প্রকল্পের কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
এদিন নারকেল ফাটিয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।
মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে চারটি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এর মধ্যে রয়েছে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের সংস্কার ও নতুন ভবন নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ। এছাড়াও কাঁকসার পলাশডাঙ্গা ছটঘাট এলাকায় একটি হাইমাস লাইট এবং পানাগড়ে দুটি পৃথক স্থানে আরও দুটি হাইমাস লাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও জানান, পানাগড় বাজারের দার্জিলিং মোড় থেকে বাজার পর্যন্ত যে অংশে এখনও আলোর ব্যবস্থা হয়নি, সেখানে দ্রুত গতিতে কাজ চলছে। খুব শীঘ্রই সমগ্র পানাগড় বাজার আলোকিত হয়ে উঠবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সাংসদ ও মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ড. কলিমুল হক, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কুলদীপ সিং সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
স্থানীয়দের আশা, এই উদ্যোগগুলির মাধ্যমে শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে কাঁকসা ও পানাগড় এলাকায়।



