জোট নয়, একাই লড়াইয়ের পথে কংগ্রেস কাঁকসায় দেওয়াল লিখন দিয়ে শুরু নির্বাচনী প্রচার

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এখনও নির্বাচনের দিনক্ষণ ও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তবুও জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নিজেদের সংগঠনকে সক্রিয় করতে শুরু করেছে। অন্যান্য দলের পাশাপাশি এবার জোট ছাড়াই এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রচারে নেমেছে কংগ্রেসও।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে কংগ্রেস। সেই লক্ষ্যেই রবিবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের শেখ পাড়ায় দেওয়ালে দলীয় প্রতীক এঁকে প্রচারের সূচনা করেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।গলসি বিধানসভার অন্তর্গত কাঁকসা ব্লকে এবার কংগ্রেস ভালো ফল করবে বলেই আশাবাদী জেলা নেতৃত্ব। দেবেশ চক্রবর্তী জানান, 

আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে দলের নির্বাচনী ইস্তেহার। সেখানে রাজ্য সরকারের ভাতানির্ভর নীতির পরিবর্তে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের বিষয়টি প্রধান দাবি হিসেবে তুলে ধরা হবে।

কংগ্রেসের দাবি, রাজ্যে পুনরায় শিল্পায়নই তাদের মূল ইস্যু। তাদের বক্তব্য, কংগ্রেস আমলেই রাজ্যে উল্লেখযোগ্য শিল্প গড়ে উঠেছিল। বর্তমানে দুর্গাপুর থেকে হলদিয়া পর্যন্ত একাধিক শিল্পাঞ্চল কার্যত বন্ধ হয়ে পড়েছে, যার ফলে বেড়েছে বেকারত্ব। তাই যুব সমাজের কর্মসংস্থানকে সামনে রেখেই নির্বাচনী প্রচার এগোবে বলে জানিয়েছেন জেলা সভাপতি।

রবিবার থেকেই জেলার বিভিন্ন এলাকায় দলীয় প্রতীক এঁকে প্রচার শুরু হয়েছে। প্রার্থী ঘোষণা হলে সংশ্লিষ্ট প্রার্থীর নাম যুক্ত করে দেওয়াল লিখন করা হবে বলেও জানানো হয়েছে।

দেবেশ চক্রবর্তীর দাবি, পশ্চিম বর্ধমান জেলায় কংগ্রেস জয়ী না হলেও রাজ্যে শাসক ও প্রধান বিরোধী দলকে যথেষ্ট টক্কর দিতে সক্ষম হবে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, ব্লক সভাপতি পুরব ব্যানার্জি, জেলা সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী সুলতানা বিবি শেখ, ব্লক সাধারণ সম্পাদক শেখ ফিরোজ, সহ-সভাপতি মহিম শেখসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

নবীনতর পূর্বতন