মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, পরীক্ষার পরিবেশে সন্তোষ

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-মাধ্যমিক পরীক্ষার সুষ্ঠু পরিচালনা ও পরীক্ষার পরিবেশ খতিয়ে দেখতে শনিবার রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বের হন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গাঙ্গুলী। এদিন তিনি প্রথমে বীরভূম জেলার একাধিক বিদ্যালয় পরিদর্শন করার পর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এলাকায় প্রবেশ করেন।

কাঁকসায় তিনি পর্যায়ক্রমে পিয়ারীগঞ্জ চারুচন্দ্র উচ্চ বিদ্যালয়, কাঁকসা উচ্চ বিদ্যালয়, পানাগড় বাজার উচ্চ বিদ্যালয় এবং পানাগড় বাজার হিন্দি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে এদিন মধ্যশিক্ষা পর্ষদের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।পানাগড় বাজার হিন্দি হাই স্কুল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর গাঙ্গুলী জানান, 

এবছর রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো বড় সমস্যা বা অভিযোগ পাওয়া যায়নি।”
তবে তিনি স্বীকার করেন, পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নেমবোর্ড না থাকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা পরিচালন সমিতির নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

পূর্ব বর্ধমান জেলার আঝাপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে যে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল, তা বর্তমানে মিটে গেছে বলেও জানান পর্ষদ সভাপতি। তাঁর দাবি, ওই বিদ্যালয়েও বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। তিনি আরও জানান, পরীক্ষার দিনগুলিতে নিয়মিতভাবেই তিনি নিজে জেলা ধরে ধরে পরিদর্শন করেন, যাতে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকে।

এদিন পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক পর্ষদের কনভেনার রাজিব মুখার্জি জানান, প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। রাজ্য সরকারের কন্যাশ্রী ও সবুজশ্রী প্রকল্পের ফলে ছাত্রীদের স্কুলমুখী হওয়ার প্রবণতা বেড়েছে। এর ফলেই শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্কুলছুট ছাত্রীদের সংখ্যাও কমেছে বলে জানান তিনি।

অন্যদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সৌমেন চন্দ্র লাহা জানান, পর্ষদ সভাপতির পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এবছর পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোথাও কোনো সমস্যা দেখা যায়নি। প্রশাসন ও পর্ষদের আধিকারিকরা সর্বদা সজাগ রয়েছেন এবং পরীক্ষার্থীদের কোনো অসুবিধা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নবীনতর পূর্বতন