নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):-
দীর্ঘ কয়েক বছর ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে পানাগড়ের রণডিহা মোড় থেকে ১০২ নম্বর রেল গেট পর্যন্ত বিস্তৃত জনবহুল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা। একাধিক গ্রামের সঙ্গে সংযোগকারী এই রাস্তাটি এলাকাবাসীর নিত্যদিনের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং স্কুল-কলেজ পড়ুয়াদের চলাচলের একমাত্র ভরসা। অথচ বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটির অবস্থা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে।
রাস্তার দু’পাশে রয়েছে বহু বসতবাড়ি ও ছোট-বড় দোকান। স্থানীয়দের অভিযোগ,এই গ্রামীণ রাস্তা দিয়ে প্রতিদিন নির্বিঘ্নে চলাচল করছে শত শত ভারী ও অতি ভারী যানবাহন বিশেষ করে বালি বোঝাই লরি ও ডাম্পার। এর জেরে প্রায়শই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।ভারী যান চলাচলের কারণে রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিশু, মহিলা ও প্রবীণদের নিরাপদে রাস্তা পারাপার কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ বাসিন্দাদের। অনেক পরিবার নিরাপত্তার অভাবে কার্যত ঘরবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, রাজ্য সরকারের প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী জনবহুল ও গ্রামীণ রাস্তায় ভারী ও অতি ভারী যান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ও ওজন নিয়ন্ত্রণ বাধ্যতামূলক। পাশাপাশি স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া ডাম্পার ও ভারী লরি চলাচল নিষিদ্ধ এবং রাস্তার ধারণক্ষমতা অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই গাইডলাইন কার্যত উপেক্ষা করেই বছরের পর বছর ধরে এই রাস্তায় অবাধে ভারী যান চলাচল চলছে।
দাবি আদায়ের লক্ষ্যে সোমবার স্থানীয় বাসিন্দারা রণডিহা মোড় থেকে কলোনিগামী রাস্তা সম্পূর্ণ অবরোধ করেন। অবরোধের জেরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামত, নিকাশী নালা নির্মাণ এবং ভারী যান চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এলাকাবাসীর স্পষ্ট দাবি শুধু আশ্বাস নয়, অবিলম্বে প্রশাসনিক নির্দেশিকা কার্যকর করে এই জনবহুল গ্রামীণ রাস্তাকে নিরাপদ ও চলাচলের উপযোগী করে তুলতে হবে।




